শীতলক্ষ্যা পাড় থেকে রানমেশিন

বাংলাদেশের ক্রিকেটে পরবর্তী প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো রানবন্যা বইয়ে দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকতা, ধৈর্য আর বড় ইনিংস খেলার সামর্থ্যে হয়ে উঠেছেন নির্বাচকদের নজরে থাকা এক নাম। হ্যা, তরুন ব্যাটসম্যান অমিত হাসান।
দীর্ঘ অপেক্ষা ও নিরলস পরিশ্রমের পর গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এবার মুমিনুল হকের কনকাশন ইনজুরিতে আবারও আলোচনায় এই তরুণ। কে এই অমিত হাসান? ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে কীভাবে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার স্বপ্ন দেখছেন তিনি?
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পাড়ে জন্ম অমিত হাসানের। ক্রিকেটের সঙ্গে তাঁর সখ্য প্রায় এক যুগের। নবম শ্রেণিতে পড়ার সময় বড় ভাইয়ের অনুপ্রেরণায় হাতে তুলে নেন ব্যাট। পুরান ঢাকার কোচ মাহির কাছে ক্রিকেট বলে হাতেখড়ি। এরপর সুযোগ মেলে ঢাকা মেট্রোর অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলে। ছোটবেলা থেকেই লাল বলের ক্রিকেটের প্রতি ছিল বিশেষ ঝোঁক।
নারায়ণগঞ্জে জন্ম হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পথচলা শুরু সিলেট বিভাগের হয়ে। ২০১৯ সালে রাজিন সালেহর হাত ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে জানান দেন নিজের সামর্থ্যের। তবে অমিতের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪-২৫ মৌসুমে। এক ম্যাচে খেলেন ২১৩ রানের দুর্দান্ত ইনিংস। পুরো মৌসুমে ৭৮৫ রান করে হয়ে ওঠেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম আলোচিত ব্যাটার। এরপরও থামেনি তাঁর রান করার ধারাবাহিকতা।
দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পান অমিত। তবে অভিষেকের অপেক্ষা ফুরায়নি তখনো।
অবশেষে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কিন্তু প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নতুন করে চেনানোর অপেক্ষায় থাকতে হয় তাঁকে।
উইকেটকিপার ব্যাটার হিসেবে অমিতের আদর্শ বড় ভাইয়ের মতোই মুশফিকুর রহিম। একদিন মুশফিকের মতো বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আর সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় শর্ত ধারাবাহিকভাবে বড় মঞ্চে পারফর্ম করা। সিলেট টেস্টে সেই সুযোগ আবারও সামনে। মুশফিক স্কোয়াডে থাকলেও তাঁর খেলার বিষয়ে অনিশ্চয়তা থাকলে একাদশে জায়গা হতে পারে অমিতের।
দীর্ঘ অপেক্ষা, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা আর বারবার নিজেকে প্রমাণের লড়াই পেরিয়ে জাতীয় দলের দরজায় পৌঁছেছেন অমিত হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ম্লান অভিষেকের স্মৃতি পেছনে ফেলে এবার নতুন করে শুরু করার সুযোগ তাঁর সামনে। শীতলক্ষ্যার পাড় থেকে উঠে আসা এই তরুণ কি পারবেন টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করতে? ঘরোয়া ক্রিকেটের রানবন্যা এবার কি বইবে আন্তর্জাতিক ক্রিকেটেও? উত্তর মিলবে মাঠের পারফরম্যান্সেই।




