Skip to content
Orbit Sports

১৭ মিনিটেই দুই গোল হজম এরপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন!

৯ ম্যাচের জয়খরা কাটাল ইউনাইটেড

Football· 1 min read

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরুর আগে থেকেই মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন সমর্থকেরা। মাঠে ছোড়া হচ্ছিল টেনিস বল। এর মধ্যেই প্রথম ১৭ মিনিটে দুই গোল হজম করে চাপে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি আর মাতেউস কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় তুলে নেয় মাইকেল ক্যারিকের দল।

ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় রোমা। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডোনিয়েল মালেন। দুই গোলে পিছিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের পেনাল্টিতে ব্যবধান কমে। এরপর প্রত্যাবর্তনের গল্পটা লেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। ৮৩ ও ৮৬ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে নাটকের তখনো বাকি! দ্বিতীয় গোলের পর জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেন কুনিয়া। যোগ করা সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন তিনি। ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষ পর্যন্ত ১০ জন নিয়েই রোমার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় ধরে রাখে ইউনাইটেড। তাতে অবসান হয় টানা ৯ ম্যাচের জয়হীনতার।