যুদ্ধের কারণে ১১ মাস পেছাল এশিয়ান কাপ ফুটবল

মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার পড়ল এশীয় ফুটবলেও। নিরাপত্তা শঙ্কা, যাতায়াতে বিঘ্ন ও নানা লজিস্টিক জটিলতায় প্রায় ১১ মাস পিছিয়ে যাচ্ছে ২০২৭ এএফসি এশিয়ান কাপ। সৌদি আরবে আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল মহাদেশের সবচেয়ে বড় এই ফুটবল আসর। নতুন সূচিতে টুর্নামেন্ট শুরু হবে ২৩ ডিসেম্বর, ফাইনাল ২০২৮ সালের ২১ জানুয়ারি।
সৌদি আরবে ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল এশিয়ান কাপ। তবে নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ২৩ ডিসেম্বর ২০২৭। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি। অর্থাৎ, আগের সূচির তুলনায় প্রায় ১১ মাস পিছিয়ে যাচ্ছে আসরটি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, যাতায়াতে বিঘ্ন এবং বড় ধরনের লজিস্টিক জটিলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি ও দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই নতুন সূচির সিদ্ধান্ত নিয়েছে এএফসি।
তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত নয়। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে। ফিফার অনুমোদন পেলেই নতুন সূচি কার্যকর হবে।







