প্রত্যাবর্তন, নাকি বিদায়? সাফের চ্যালেঞ্জে ডুলি

জাতীয় দলের দায়িত্ব নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিলেন থমাস ডুলি, ইউরোপের মাটিতে যাত্রা শুরুর পর সেই স্বপ্ন এখন প্রশ্নের মুখে। ৯ গোলের ধাক্কা, সামনে সাফ—অনিশ্চিত তাঁর ভবিষ্যৎ।বিশ্বমানের কোচের স্বপ্ন, ইউরোপের মাটিতে আক্রমণাত্মক ফুটবল, আর শেষ পর্যন্ত ৯ গোলের লজ্জা। যে কোচকে ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন লাল-সবুজের সমর্থকেরা, সেই থমাস ডুলির অধ্যায় কি এবার শেষ হতে যাচ্ছে? সাফই কি হতে যাচ্ছে বাংলাদেশে তাঁর শেষ পরীক্ষা? নাকি আরও একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়ক?
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সুপারিশে কোচ রোজারিও মিকেলের সিভি জমা পড়েছিল বাফুফের দরজায়। আলোচনায় ছিলেন গ্যারেথ বেলের সাবেক গুরু ক্রিস কোলম্যানও। প্রত্যাশা ছিল, এবার আসবেন বিশ্বমানের কেউ, বদলে দেবেন দেশের ফুটবলের চেহারা। কিন্তু সব জল্পনা পেছনে ফেলে দায়িত্ব পান থমাস ডুলি। তাঁকে ঘিরেই শুরু হয় জাতীয় দলের নতুন স্বপ্নযাত্রা।
শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো। ডুলির অধীনে ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। হামজা চৌধুরী ও শমিত সোমদের নিয়ে আক্রমণাত্মক ফুটবলে মনে হচ্ছিল, এবার বুঝি বদলাবে দেশের ফুটবলের চেনা চিত্র। কিন্তু পরের ফিফা উইন্ডোতেই সেই স্বপ্নের বিপরীতে দেখা দেয় কঠিন বাস্তবতা।
ভারতের সরে দাঁড়ানোয় ফিফা উইন্ডোতে আসিয়ান কাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে ইন্দোনেশিয়ায় উড়াল দেন ডুলির শিষ্যরা। কিন্তু সেই যাত্রাই রূপ নেয় দুঃস্বপ্নে। তিন ম্যাচে ১৩ গোল হজম করে বাংলাদেশ।
মালয়েশিয়ার বিপক্ষে ভুল কৌশলের খেসারত দিয়ে তিন গোল হজমের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের হতাশার যাত্রা। এরপর সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হার। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। হামজা চৌধুরীর জন্মদিনেই ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজম করে বাংলাদেশ। ৯ গোলের এই হারে হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ফুটবলাররা। এই হার যেন বাংলাদেশের ফুটবলের আত্মবিশ্বাসেই বড় আঘাত।
এখন ঘুরে দাঁড়ানোর পালা। সামনে সাফ, আর সেখানেই ডুলির ভাগ্য নির্ধারণের বড় পরীক্ষা। বাফুফের অবস্থানেও মিলছে শেষ সুযোগের ইঙ্গিত। সাফল্য না এলে বিদায়ঘণ্টা বাজতে পারে এই কোচের। ব্যর্থ হলে আবারও শুরু হবে নতুন কোচের খোঁজ।
তবে সাফই কি ডুলির বাংলাদেশ অধ্যায়ের শেষ? নাকি সব সমালোচনা পেছনে ফেলে ঘুরে দাঁড়াবেন তিনি? এবার আর শুধু স্বপ্ন দেখালে চলবে না, মাঠেই দিতে হবে প্রমাণ। সাফেই মিলবে উত্তর—ডুলির প্রত্যাবর্তন, নাকি বিদায়?







