মাদেইরার ছোট্ট দ্বীপ থেকে বিশ্বমঞ্চে রোনালদোর অবিশ্বাস্য পথচলা
পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

একটি ছোট্ট দ্বীপের সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠা! ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্পটা কেবল গোল আর ট্রফির নয়, লড়াই, ত্যাগ আর অদম্য স্বপ্নেরও। ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের
পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশালে জন্ম ক্রিশ্চিয়ানো রোনালদোর। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর প্রবল টান। পাড়ায়, স্কুলে, মাঠে—বল পেলেই ছুটতেন। তখন কে জানত, সেই ছোট্ট ছেলেই একদিন বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লিখবেন!
মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে চলে যেতে হয় লিসবনে। যোগ দেন স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে। নতুন শহর, নতুন পরিবেশ, পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট—সবকিছু মিলিয়ে সময়টা সহজ ছিল না। মাদেইরার আঞ্চলিক উচ্চারণের কারণে স্কুলে সহপাঠীদের ঠাট্টাও সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু ফুটবল থেকে সরে যাননি।
১৫ বছর বয়সে স্পোর্টিংয়ের ‘বি’ দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। ১৬ বছরেই সুযোগ পান প্রথম দলের সঙ্গে অনুশীলনের। প্রতিভা আর পরিশ্রমের সমন্বয়ে দ্রুত এগিয়ে যেতে থাকেন। ২০০২ সালে স্পোর্টিংয়ের মূল দলের হয়ে অভিষেক। পরের বছরই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে শুরু হয় বিশ্ব ফুটবলে নিজেকে চেনানোর নতুন অধ্যায়।
এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—একেকটি ক্লাব হয়ে উঠেছে তাঁর সাফল্যের মঞ্চ। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পর্তুগালকে এনে দিয়েছেন ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগের শিরোপা। গোলের পর গোল করে ভেঙেছেন অসংখ্য রেকর্ড।
জাতীয় দলের হয়ে তাঁর পথচলা শুরু হয়েছিল ২০০৩ সালের আগস্টে। দীর্ঘ ২৩ বছর পর এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল—পুরুষ আন্তর্জাতিক ফুটবলে দুটিই রেকর্ড। জাতীয় দলের সাত নম্বর জার্সি এবার তুলে দেবেন নতুন প্রজন্মের হাতে।
তবে রোনালদোর ফুটবলযাত্রা এখনো শেষ হয়নি। আল নাসরের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। মাদেইরার যে কিশোর একদিন পরিবার ছেড়ে স্বপ্নের পেছনে ছুটেছিলেন, তাঁর গল্প আজও কোটি তরুণের অনুপ্রেরণা। দ্বীপের ছোট্ট গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের এক বিশাল অধ্যায়।







