টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিতে এমএলএসে মেসির ইতিহাস

বয়স ৩৯, তবু গোলের ক্ষুধায় এতটুকু ভাটা নেই লিওনেল মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতে গড়েছেন নতুন ইতিহাস। নিয়মিত মৌসুমে ২৬ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যক্তিগত সাফল্যের দিনে অবশ্য জয় পায়নি ইন্টার মায়ামি।
নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে শার্লট। ম্যাচে গোল না পেলেও মেসি কর্নার থেকে সতীর্থদের দিয়ে প্রথম দুই গোল করাতে ভূমিকা রাখেন।
তবে এই ড্রয়ের দিনেই নিশ্চিত হয় মেসির ব্যক্তিগত অর্জন। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে থেকেই গোল্ডেন বুট জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইটের গোল ২০টি।
গত মৌসুমে ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার গোলসংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রেখে অনন্য কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুই মৌসুম এই পুরস্কার জিতলেন। একাধিকবার গোল্ডেন বুট জেতা ষষ্ঠ ফুটবলারও তিনি।
গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও দারুণ সফল ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে তার অ্যাসিস্ট ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা পুরো লিগে সর্বোচ্চ।
গত আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের জয়ে চার গোল করেছিলেন মেসি। সেই ম্যাচে একটি অ্যাসিস্টও ছিল তার। পুরো মৌসুমে একাধিক গোল করার ম্যাচ খেলেছেন ছয়টি।
এবার মেসির সামনে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা। এবার জিতলে লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিনবার এমভিপি হওয়ার কীর্তি গড়বেন তিনি।







