কে হতে যাচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী নাম্বার ১০

একটি জার্সি, অথচ তার ওজন যেন পুরো ফুটবল ইতিহাসের সমান। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মানেই ম্যারাডোনা, মেসির মতো কিংবদন্তিদের গল্প। সেই জার্সির পরবর্তী উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আলভারেজ, নিকো পাজ নাকি অন্য কেউ? মেসির পর আর্জেন্টিনার নতুন দশ নম্বর খুঁজছে ফুটবল বিশ্ব।
জার্সি নম্বর দশ। পৃথিবীজুড়ে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় নম্বর। আর্জেন্টিনার ক্ষেত্রে ব্যাপারটা আরও বিশেষ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকে একটি প্রশ্ন, কে হচ্ছেন আর্জেন্টিনার পরবর্তী দশ নম্বর? লিওনেল মেসি অবসরের সিদ্ধান্ত নিলে এই প্রশ্নটি যে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হবে, তা বলাই বাহুল্য। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকাদের কেউ কি হবেন নতুন দশ নম্বর? নাকি তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ক্লদিও এচেভেরি কিংবা আলমাদা দাবি তুলবেন এই জার্সির? নাকি এরই মধ্যে নিজেকে নতুন মেসি হিসেবে জানান দেওয়া নিকো পাজই পেতে যাচ্ছেন দশ নম্বর জার্সি?
ফুটবল দুনিয়ায় দশ নম্বর জার্সি মানেই বিশেষ কিছু। পেলে, জিনেদিন জিদান, মিশেল প্লাতিনির মতো মহাতারকারা এই জার্সি পরে জাদু দেখিয়েছেন মাঠে। আর্জেন্টিনার জন্য এই নম্বর আরও বিশেষ। কারণ, এই জার্সি পরেই পৃথিবী মাতিয়েছেন মারিও কেম্পেস থেকে শুরু করে হুয়ান রোমান রিকেলমে। সবচেয়ে বড় কথা, এই জার্সি পরতেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, আর্জেন্টাইন জাদুকর দিয়েগো ম্যারাডোনা। আর এই দশ নম্বর জার্সি পরেই বিশ্বকাপসহ ফুটবল দুনিয়ার প্রায় সব সম্মান অর্জন করেছেন লিওনেল আন্দ্রেস মেসি।
স্বাভাবিকভাবেই এখন আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহের কেন্দ্রে একটি প্রশ্ন, কে হবেন তাদের পরবর্তী দশ নম্বর?
এই দৌড়ে সবচেয়ে বড় দাবিদার হিসেবে ভাবা হচ্ছে ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ও বর্তমান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো আলভারেজকে পরবর্তী দশ নম্বর জার্সিধারী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ জাদুকর হিসেবে বিবেচনা করা হচ্ছে তরুণ মিডফিল্ডার নিকো পাজকে। ইতালীয় ক্লাব কোমোতে আলো ছড়ানো এই ফুটবলারের খেলার ধরন, বল নিয়ন্ত্রণ ও পাসিং দক্ষতা অনেক ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এই জার্সি উঠতে পারে পাজের কাঁধে।
রিয়াল মাদ্রিদে গিয়ে নিজের জায়গা খুঁজতে থাকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো কিংবা ম্যানচেস্টার সিটিতে আলোচনায় থাকা এচেভেরিও কম দাবিদার নন। দলে নিজেদের অবস্থান শক্ত করা দুই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও রয়েছেন আলোচনায়। তবে দশ নম্বর জার্সি মানেই যখন গোল করা, গোলের সুযোগ তৈরি করা এবং সতীর্থদের খেলায় নতুন মাত্রা যোগ করা, তখন মেসি-ম্যারাডোনার স্মৃতি সামনে চলে আসে। এই বিবেচনায় নিকো পাজের নামও জোরালোভাবে আলোচনায় থাকছে।
তবে দশ নম্বর জার্সি পাওয়া আর সেই জার্সির মর্যাদা ধরে রাখা এক বিষয় নয়। আর্জেন্টিনার হয়ে এই নম্বর পরা মানে শুধু মাঠে ভালো খেলা নয়, বরং কোটি সমর্থকের প্রত্যাশার ভারও বহন করা। ম্যারাডোনা ও মেসি নিজেদের অসাধারণ প্রতিভা দিয়ে এই জার্সিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে পৌঁছানো যেকোনো ফুটবলারের জন্যই কঠিন চ্যালেঞ্জ। নতুন দশ নম্বরকে তাই নিজের পরিচয় তৈরি করতে হবে, শুধু পূর্বসূরিদের সঙ্গে তুলনার মধ্যে আটকে থাকলে চলবে না।
ম্যারাডোনা-মেসির এই উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্ক থাকতে হবে। তবে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেই যে সঙ্গে সঙ্গে নতুন কাউকে দশ নম্বর জার্সি দেওয়া হবে, এমন নিশ্চয়তা নেই। জার্সির ভবিষ্যৎ নির্ধারণে দলীয় পরিকল্পনা, খেলোয়াড়ের ভূমিকা ও সময়ের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
শেষ পর্যন্ত জার্সিটি কার হাতে উঠবে, তা নিয়ে অপেক্ষা থাকছেই। আলভারেজের গোল করার দক্ষতা, নিকো পাজের সৃজনশীলতা কিংবা অন্য কোনো তরুণের উত্থান বদলে দিতে পারে এই আলোচনার গতিপথ। তবে একটি বিষয় নিশ্চিত, আর্জেন্টিনার পরবর্তী দশ নম্বরকে শুধু একটি জার্সি নয়, বহন করতে হবে ফুটবল ইতিহাসের এক বিশাল অধ্যায়। কারণ, এই জার্সি গায়ে চাপানো সহজ, কিন্তু এর কিংবদন্তি হয়ে ওঠা একেবারেই আলাদা ব্যাপার।







