ভুল নামেই ইয়ামালের বিশ্বজয়
আসল নামের রহস্য ফাঁস করলেন বাবা

ফুটবল বিশ্বে পরিচিতি ‘লামিনে ইয়ামাল’ নামে। এই নামেই বিশ্বকাপ জিতেছেন স্পেনের তরুণ তারকা, বার্সেলোনার জার্সিতেও খেলছেন একই পরিচয়ে। কিন্তু নামের শেষ অংশ নিয়ে এত দিন যে ধারণা ছিল, তা সঠিক নয়। এবার ছেলের নামের সেই বিভ্রান্তি দূর করলেন বাবা মুনির নাসরাউই।
অনেকেই মনে করেন, ইয়ামাল তাঁর পারিবারিক পদবি বা শেষ নাম। কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সম্প্রচারে মুনির নাসরাউই স্পষ্ট করে জানিয়েছেন, ‘লামিনে ইয়ামাল’ তাঁর ছেলের যৌগিক প্রথম নাম। আর পারিবারিক পদবি হলো নাসরাউই এবানা।
মুনির বলেন, ‘লামিনের পদবি নাসরাউই এবানা। সবাই যেন বিষয়টি জানেন এবং বিভ্রান্ত না হন। লামিনে ইয়ামাল একটি নাম।’
অর্থাৎ, এত দিন ফুটবলপ্রেমীরা যাঁকে ইয়ামাল নামে চিনেছেন, সেটি আসলে তাঁর পদবি নয়। পুরো নাম লামিনে ইয়ামাল নাসরাউই এবানা।
নামের সংক্ষিপ্ত রূপ নিয়েও আগে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। ২০২৪ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর নাম লামিনে ইয়ামাল। তবে সংক্ষেপে ডাকতে চাইলে শুধু লামিনে বলাই ভালো।
বাবার এই ব্যাখ্যায় তাই পরিষ্কার হলো, ‘ইয়ামাল’ নামটি তাঁর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটি পারিবারিক পদবি নয়। মাঠে, সংবাদমাধ্যমে কিংবা সমর্থকদের কাছে লামিনে ইয়ামাল নামেই পরিচিত থাকবেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা।







