কোহলি-রোহিতদের পেছনে ফেলা সাব্বিরের নতুন লড়াই

একসময় এশিয়া কাপের মঞ্চে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পেছনে ফেলে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। সেই সাব্বির রহমান এবার জায়গা পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে। দশ বছর পর এশিয়ার মঞ্চে ফিরতে চলেছেন তিনি, তবে এবার লড়াইটা জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে।
গল্পটা ২০১৬ সালের। বাংলাদেশে বসেছিল এশিয়া কাপের ১৩তম আসর। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত সেই টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের তরুণ ব্যাটার সাব্বির রহমান। পাঁচ ম্যাচে করেছিলেন ১৭৬ রান। যেখানে বিরাট কোহলির রান ছিল ১৫৩, রোহিত শর্মার ১৩৮। দুই ভারতীয় তারকাকে পেছনে ফেলে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ৮০ রানের ইনিংসটি এখনো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ফাইনালে ভারতের বিপক্ষেও খেলেছিলেন অপরাজিত ৩২ রানের ইনিংস। তখন মনে হচ্ছিল, বাংলাদেশের ব্যাটিংয়ে দীর্ঘদিনের জন্য নিজের জায়গা পাকা করে ফেলেছেন সাব্বির। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদও ছিল আকাশচুম্বী। কিন্তু সেই সম্ভাবনার গল্প শেষ পর্যন্ত প্রত্যাশার পথে এগোয়নি।
সময়ের সঙ্গে হারিয়ে যায় ব্যাটের ধার, কমতে থাকে ধারাবাহিকতা। মাঠের বাইরের বিতর্কও বারবার আলোচনায় এসেছে তাঁর ক্যারিয়ারে। একসময় জায়গা হারান জাতীয় দল থেকে। সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে। এরপর কেটে গেছে চার বছরেরও বেশি সময়। জাতীয় দলের জার্সিতে আর ফেরা হয়নি তাঁর। একসময় যাঁকে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ভাবা হতো, তাঁকেই ধীরে ধীরে হারিয়ে যেতে হয়েছে আলোচনার বাইরে।
তবে হাল ছাড়েননি সাব্বির। জাতীয় দলে ফেরার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। ২০২৬ সালের জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন ১১৩ রানের দুর্দান্ত ইনিংস। দীর্ঘ আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে পেয়েছেন সেঞ্চুরির দেখা। যেন আবারও মনে করিয়ে দিয়েছেন, তাঁর ব্যাটে রান করার সামর্থ্য এখনো ফুরিয়ে যায়নি।
সেই পারফরম্যান্সের পাশাপাশি সাম্প্রতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের চেষ্টার সুবাদে এবার এশিয়ার মঞ্চে ফেরার সুযোগ পেয়েছেন সাব্বির। এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর। একসময় যে এশিয়া কাপে কোহলি-রোহিতদের পেছনে ফেলে সেরা হয়েছিলেন, দশ বছর পর সেই এশিয়ার মঞ্চেই ফেরার অপেক্ষায় তিনি। তবে এবার জাতীয় দলের হয়ে নয়, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে।
অবশ্য এই সুযোগ শুধুই আরেকটি টুর্নামেন্ট খেলার নয়, সাব্বিরের জন্য এটি নিজেকে নতুন করে চেনানোর মঞ্চ। বয়স এখন ৩৪, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘ সময়। তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁকে প্রমাণ করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষুধা ও সামর্থ্য এখনো আছে তাঁর মধ্যে।
এক দশক আগে যাঁর ব্যাটে এশিয়া কাপ মাতিয়েছিল বাংলাদেশ, আজ তাঁর লড়াই আবারও ক্রিকেটে নিজের জায়গা ফিরে পাওয়ার। মাঝখানে হারিয়ে গেছে অনেক সময়, থমকে গেছে ক্যারিয়ার, বদলে গেছে বাস্তবতা। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে—সাব্বির কি পারবেন রাইজিং স্টার্সের এই মঞ্চকে নিজের দ্বিতীয় ইনিংসের সিঁড়ি বানাতে, নাকি এশিয়া কাপের সেই সোনালি অধ্যায়ই হয়ে থাকবে তাঁর ক্যারিয়ারের শেষ বড় অর্জন?






