Skip to content
Orbit Sports

হতাশার দিন বাংলাদেশের, ৩১৫ রানের লিডে চালকের আসনে উইন্ডিজ

Cricket· 1 min read
Bangladesh cricket test

সিলেট টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের জন্য হতাশারই। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দিনভর ৩৩৮ রান তুলে মাত্র তিন উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত সেঞ্চুরিতে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। শেষ দিনে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে থেকে গতকাল পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। চার ওভার ব্যাট করে ৭ রানে দিন শেষ করেছিল তারা। সেখান থেকেই আজ (রোববার) চতুর্থ দিনের খেলা শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ক্যারিবীয় ওপেনার। তাঁদের ৮৫ রানের জুটি ভাঙতে বেশ সময় লাগে বাংলাদেশের বোলারদের।

অবশেষে তাইজুল ইসলামের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ রানে ফেরেন জশুয়া ডা সিলভা। ততক্ষণে অবশ্য বাংলাদেশের প্রথম ইনিংসের রান পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও আক্রমণ চালিয়ে যান ব্রেন্ডন কিং। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে কিংয়ের সঙ্গে ৩৪ রান যোগ করেন কাভেম হজ। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলের বাইরের কানায় লাগিয়ে বসেন কিং। মধ্যাহ্নভোজের বিরতির আগে সেটিই ছিল বাংলাদেশের দ্বিতীয় সাফল্য।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন হজ ও কেভিন উইকহ্যাম। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৫৮ রানের জুটি। ফিফটি তুলে নেওয়ার পর ৭৮ রানে থামেন উইকহ্যাম। তাঁকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাইজুল। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে ক্যারিবীয়রা।

দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গোকে নিয়ে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়েছেন হজ। এর মধ্যেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দিন শেষে ১৮৯ বলে ১৪০ রান করে অপরাজিত তিনি। অন্য প্রান্তে জাঙ্গোর সংগ্রহ ৪৯ বলে ২০ রান।

চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে ৮৩ ওভারে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের মোট লিড ৩১৫ রান।