অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ধাক্কা চোটে ছিটকে গেলেন জশ টাং

অস্ট্রেলিয়া সফরে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলির চোটে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জশ টাং। চোটের বিস্তারিত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাঁকে দেশে ফিরতে হচ্ছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে আর খেলা হচ্ছে না এই ইংলিশ পেসারের।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছায় ইংল্যান্ড দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। তবে সফরের শুরুতেই চোটের কারণে ছিটকে গেলেন টাং। গত শনিবার (৭ নভেম্বর) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। মাঠের বাইরে বসেই কাটাতে হয়েছে পুরো সময়।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলির চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টাং। চোটের অবস্থা বুঝতে এবং পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিতে তাঁকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হচ্ছে।







