এপিএল:প্লাটিনাম-ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-মুশফিকসহ ১০ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরে বাংলাদেশের ক্রিকেটারদের বড় উপস্থিতি। প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ দেশের ১০ ক্রিকেটার। তাঁদের সবাই আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ড্রাফট।
প্লাটিনামে মুশফিক-মিরাজ, ডায়মন্ডে সাকিব
ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পাঁচজন জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তাঁরা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে, ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের ২৯ ও ভারতের তিন ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন।
ভারতীয় ক্রিকেটারদের তালিকায় বিজয় শঙ্কর
তিন ভারতীয় ক্রিকেটারের মধ্যে সবচেয়ে পরিচিত নাম বিজয় শঙ্কর। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও খেলেছেন এই অলরাউন্ডার। গত জুনে ৩৫ বছর বয়সে অবসরের ঘোষণা দেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের সাধারণত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই বাধা থাকে না। বিজয়ের এপিএল ড্রাফটে নাম লেখানোর পেছনেও রয়েছে সেই সুযোগ।
পাকিস্তান থেকে ২৯ ক্রিকেটার
ড্রাফটে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার পাঠিয়েছে পাকিস্তান। দেশটির ২৯ ক্রিকেটারের তালিকায় রয়েছেন সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও নাসিম শাহর মতো পরিচিত মুখ।
সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফখর জামান। এ ছাড়া পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও থাকছেন ড্রাফটে। তবে তিনি নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে।
ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদেরও সুযোগ
এবারের ড্রাফটে শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররাই নন, থাকছেন বিভিন্ন দেশের হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররাও। সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের হয়ে নিবন্ধন করেছেন তাঁরা।
ভারতীয় বংশোদ্ভূত এসব ক্রিকেটারের মধ্যে রয়েছেন কেএস ভারত, উন্মুক্ত চাঁদ, রাহুল চোপড়া, আলিশান শারাফু, ধ্রুব পরাশর ও ভরাজ প্যাটেলের মতো ক্রিকেটাররা।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত অনেক মুখকে নিয়ে জমজমাট হতে যাচ্ছে এবারের এপিএল ড্রাফট। আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা টুর্নামেন্টটির। ড্রাফটে দল পাওয়ার অপেক্ষায় থাকবেন বাংলাদেশের ১০ ক্রিকেটারও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন সাকিব-মুশফিকরা।







