বিশ্বকাপ টিকিটের জন্য হাহাকার
ভারত-পাকিস্তান ম্যাচে ৮৪ লাখ আবেদন

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি, অথচ টিকিটের চাহিদা ছাড়িয়েছে ১২ কোটি! সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। জোহানেসবার্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ। টিকিটের এই বিপুল চাহিদা বিশ্বকাপের উন্মাদনাকে যেন আগেভাগেই অন্য উচ্চতায় নিয়ে গেছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য এমনই অভূতপূর্ব সাড়া পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে বসবে এবারের আসর। ২৪ বছর পর আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আর টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের চাহিদা সেই আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।
আইসিসির তথ্য অনুযায়ী, ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ভারত-পাকিস্তান লড়াই ঘিরে। ১০ অক্টোবর জোহানেসবার্গে হতে যাওয়া ম্যাচটির জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ।
ক্রিকেটের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ভারত-পাকিস্তান লড়াই। দুই দলের ম্যাচ মানেই সমর্থকদের বাড়তি আগ্রহ। বিশ্বকাপের মঞ্চে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। টুর্নামেন্টের এত আগে থেকেই এই ম্যাচের টিকিটের জন্য বিপুল আবেদন সেই আগ্রহেরই প্রমাণ দিচ্ছে।
আফ্রিকায় বিশ্বকাপ ফেরার অপেক্ষার সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ মিলিয়ে ২০২৭ আসর ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। তবে বিপুল আবেদনকারীর সবাই যে টিকিট পাবেন, তা নয়। ফলে কাঙ্ক্ষিত ম্যাচটি গ্যালারিতে বসে দেখার সুযোগ পেতে সমর্থকদের অপেক্ষা করতে হবে টিকিট বরাদ্দের প্রক্রিয়া পর্যন্ত।







