Skip to content
Orbit Sports

মেসি নামের এভারেস্টেই চোখ পাজের

Football· 1 min read
Nico Paz

এভারেস্টে যে যতবার পা রাখে, এডমন্ড হিলারির নাম তো আসেই। চাঁদে যতবার মানুষ পা রাখবে, নিল আর্মস্ট্রংয়ের নাম উচ্চারিত হবেই। ফুটবলীয় অর্জনেও লিওনেল মেসি যেন সেই এভারেস্ট উচ্চতা; সেই চাঁদ।

এই মৌসুমে এরই মধ্যে ৫ অ্যাসিস্ট আর ৩ গোল করেছেন নিকো পাজ। তার দুর্দান্ত ফর্ম সবার চোখে পড়েছে। চোখে পড়েছে কোমোর আগুন ঝরানোর ফুটবল, ৪ ম্যাচেই ১৯ গোল করা। আর যতবার পাজের রেকর্ড ঘাঁটাঘাঁটি হচ্ছে, অবধারিতভাবে উঠে আসছে একটি নাম-মেসি!

মেসির পর প্রথম আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক আসরে ৫ অ্যাসিস্টের কীর্তি। মেসির রেকর্ডটি ৬ অ্যাসিস্টের। গ্রুপ ফেজেই পাজ আরও চারটি ম্যাচ পাবেন মেসির রেকর্ড ভাঙার জন্য।

২০১১/১২ মৌসুমে মেসি গোল অবদান ছিল ১৯টি ( ১৪ গোল আর ৫ অ্যাসিস্ট)। এটি ভাঙা মনে হয় না কারও পক্ষেই সম্ভব।

এবার চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই পাজ ২ অ্যাসিস্ট করেছিলেন। ২০০৮ সালে মেসির পর এক ম্যাচে ২ অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২ গোল, ১ অ্যাসিস্ট। মেসির পর এক চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ৩টি গোল-অবদান রাখা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন।

ওই ম্যাচেই মাত্র ১ মিনিট ৫৮ সেকেন্ডে গোল করেন। চ্যাম্পিয়নস লিগে মেসির দ্রুততম গোলের রেকর্ড ২ মিনিট ৬ সেকেন্ডে।

রিয়ালের একাডেমিতে বেড়ে ওঠা পাজ ক্যারিয়ারের প্রথম গোলেও মেসিকে মনে করিয়ে দিয়েছিলেন। ২০২৩ সালে গ্রুপ পর্বে নাপোলির বিপক্ষে ৮৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন। ২-২ স্কোরলাইনে থাকা ম্যাচে রিয়ালকে এগিয়ে দেন।

তখন পাজের বয়স ছিল ১৯ বছর ৮২ দিন। ২০০৫ সালে প্যানাথাইনাকোসের বিপক্ষে গোল করার সময় মেসির বয়স ছিল ১৮ বছর ১৩১ দিন।

সব রেকর্ডে মেসিকে অনুসরণ করছেন। পাজ মেসির পথ ধরেই এগোচ্ছেন! মেসি নামের এভারেস্টেই চোখ পাজের।