Skip to content
Orbit Sports

আশার আলোয় শুরু, জাঙ্গুর সেঞ্চুরিতে ম্লান বাংলাদেশ

Cricket· 1 min read
Amir Jangoo

সিলেট টেস্টের প্রথম সকালে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পেসে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আমির জাঙ্গুর সেঞ্চুরি ও অভিষিক্ত মিকাইল উইকহ্যামের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্যারিবীয়রা। দিন শেষে ২৩৫ রান তুলে স্বস্তিতে সফরকারীরা।

সিলেটেও ঢাকা টেস্টের মতো আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। বৃহস্পতিবার ৭০ ওভার মাঠে গড়ানোর পর ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭১ বলে ১১১ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গু। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও দুটি ছক্কা। অন্য প্রান্তে জাস্টিন গ্রিভস অপরাজিত ৩৫ রানে।

দিনের শুরুতে বাংলাদেশের পেসারদের দাপটে দ্রুত তিন উইকেট হারায় সফরকারীরা। প্রথম চার ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলার পর পঞ্চম ওভারের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ৯ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর ক্রিজে এসেই বিদায় নেন কাভেম হজ। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তাঁর সংগ্রহ মাত্র ১ রান। নবম ওভারে জশুয়া ডা সিলভাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তাসকিন।

তবে দ্রুত তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর সঙ্গে জুটি গড়ে অভিষেক টেস্ট খেলতে নামা উইকহ্যামও তুলে নেন অর্ধশতক। দুজনের ১৩১ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। তাঁর বলে বোল্ড হওয়ার আগে ১৪৫ বলে ৬১ রান করেন উইকহ্যাম। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার।

পঞ্চম উইকেটে জাস্টিন গ্রিভসকে নিয়ে দলের রান এগিয়ে নেন জাঙ্গু। তাইজুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে ১৪৯ বলে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দিন শেষে ১১১ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন এই ব্যাটার।

সাম্প্রতিক সময়ে সিলেটে টেস্ট খেলতে নামলে তিন পেসার নিয়ে একাদশ সাজানোর প্রবণতা দেখা গেছে বাংলাদেশের। কিন্তু মিরপুর টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। তাসকিন ও হাসান দুটি করে উইকেট পেলেও তাইজুল, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান এখনো সাফল্যের দেখা পাননি।

দিনের শুরুতে পেসারদের দাপটে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, জাঙ্গুর সেঞ্চুরিতে তা অনেকটাই ম্লান। দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে হবে বাংলাদেশকে।