Skip to content
Orbit Sports

ব্যাটসম্যানদেরই দায় দেখছেন তাসকিন

তাসকিনের আক্ষেপ, ‘ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল’

National Cricket· 2 min read
Taskin_pc

শুরুতে তিন উইকেট তুলে জিম্বাবুয়েকে চাপে ফেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১৭২ রানে। পেসারের আক্ষেপ, এই উইকেটে ম্যাচ জেতানোর দায়িত্ব ছিল ব্যাটসম্যানদের, কিন্তু তাঁরা তা পারেননি।

বল হাতে কাজটা প্রায় করেই ফেলেছিলেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই তুলে নিয়েছিলেন তিন উইকেট। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষ যখন ধুঁকছিল, তখন বাংলাদেশের সামনে সুযোগ ছিল জিম্বাবুয়েকে অল্প রানে আটকে রাখার।

কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করে জিম্বাবুয়ে তুলে নেয় ২৭১ রান। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ১৭২ রানে। ৯৯ রানের এই হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই বড় করে দেখছেন তাসকিন। তাঁর মতে, আবুধাবির উইকেটে এই লক্ষ্য তাড়া করা বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা ছিল না।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’

জুটি গড়তে না পারাই কাল

বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা ছিল বড় জুটির অভাব। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান ৪৭ রান যোগ করেছিলেন। কিন্তু সেটিই শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। এরপর ব্যাটসম্যানদের কেউই ইনিংসটাকে বড় করার মতো অবস্থানে নিতে পারেননি।

শেষ দিকে নবম উইকেটে তাসকিন ও রিশাদ হোসেন ২৬ বলে ৩২ রান যোগ করেন। তবে ততক্ষণে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে।

তাসকিনের মতে, একটি বড় জুটি হলেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে। আসলে ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

স্কিল আছে, ঘাটতি ম্যাচ পরিস্থিতি বোঝায়

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপের মুখে দ্রুত ভেঙে পড়ার প্রবণতা নতুন নয়। এক-দুটি উইকেট পড়ার পর পরিস্থিতি বুঝে ইনিংস এগিয়ে নেওয়ার বদলে আরও উইকেট হারানোর ঘটনা বারবার ঘটছে। তাসকিনের চোখে, এই জায়গাতেই উন্নতি দরকার দলের।

ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে তাঁর সন্দেহ নেই। বরং সমস্যা দেখছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।

তাসকিনের ভাষায়, ‘ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ঘাটতিটা একটু বেশি। কারণ স্কিল কিন্তু সবার আছে। আপনারা যাঁরা ক্রিকেট খেলা দেখেন, প্রতিটি ব্যাটসম্যানই কিন্তু প্রমাণ করেছে, তারা ভালো ব্যাট করতে পারে। মাঝে মাঝে আমরা দল হিসেবে দেখবেন, চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটাই আমাদের আসলে বের হয়ে আসতে হবে।’

বড় দল হয়ে উঠতে হলে এই দুর্বলতা কাটিয়ে ওঠার বিকল্প নেই বলেও মনে করেন বাংলাদেশের এই পেসার। বিষয়টি নিয়ে দলের সবাই মিলে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সে সেই উন্নতির প্রতিফলন কত দ্রুত দেখা যায়, সেটিই এখন দেখার।

ফাইনালের আশা বাঁচাতে শেষ ম্যাচে জয় চাই

জিম্বাবুয়ের বিপক্ষে হারে হতাশ হলেও ফাইনালে খেলার আশা এখনো ছাড়ছেন না তাসকিন। সামনে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে ভালো ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াতে চায় দল।

তাসকিন বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’

জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে তাসকিনের দুর্দান্ত বোলিং বাংলাদেশের জন্য সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু ব্যাটিংয়ের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগানো যায়নি। বোলিংয়ে ধারাবাহিকতা বাড়লেও রান তাড়া করার সময় চাপ সামলাতে না পারার পুরোনো সমস্যা আবারও সামনে এসেছে।

শেষ ম্যাচে তাই শুধু জেতাই নয়, ব্যাটিংয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়াও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তাসকিনের কথায় স্পষ্ট—দলের ব্যাটসম্যানদের সামর্থ্য আছে, এখন প্রয়োজন সেই সামর্থ্যকে সঠিক সময়ে কাজে লাগানো।