লাইসেন্স নেই, গ্যারেজে তিন গাড়ি সূর্যবংশীর

বয়স মাত্র ১৫। এখনো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা হয়নি। অথচ বৈভব সূর্যবংশীর গ্যারেজে গাড়ির সংখ্যা তিনটি! ভারতীয় ক্রিকেটের এই বিস্ময় বালকের গাড়ির বহরে সর্বশেষ যুক্ত হয়েছে টাটা সিয়েরা। ২০২৬ আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হওয়ায় পুরস্কার হিসেবে গাড়িটি পেয়েছেন তিনি। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে শোরুমে গিয়ে গাড়িটির চাবি বুঝে নেন বৈভব।
এটাই অবশ্য তাঁর প্রথম গাড়ি নয়। ২০২৫ আইপিএলেও ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হয়েছিলেন বৈভব। সেই পুরস্কার হিসেবে পেয়েছিলেন টাটা কার্ভ ইভি। এ ছাড়া ২০২৫ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাজস্থান রয়্যালসের সাবেক মালিক রঞ্জিত বরঠাকুরের কাছ থেকে একটি মার্সিডিজ-বেঞ্জ উপহার পাওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।
সব মিলিয়ে ১৫ বছর বয়সেই তিনটি গাড়ির সঙ্গে যুক্ত হয়েছে বৈভবের নাম। তবে এখনই সেগুলোর স্টিয়ারিং ধরার সুযোগ নেই তাঁর। ভারতে ব্যক্তিগত গাড়ি চালানোর লাইসেন্স পেতে ন্যূনতম বয়স ১৮ বছর। অর্থাৎ, নিজের গাড়ি নিজে চালাতে আরও তিন বছর অপেক্ষা করতে হবে এই তরুণ ক্রিকেটারকে।







